দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফুটবল যাদুকরের হাতে উঠল স্বপ্নের কোপা আমেরিকা শিরোপা। আজ সকালে অনুষ্ঠিত কোপার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লিওনেল মেসির দল। জাতীয় দলের হয়ে এটিই মেসির সবচেয়ে বড় অর্জন।
এই জয়ে আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের উৎসব চলছে। শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোও। সাধারণ মানুষের পাশাপাশি তারকা শিল্পীরাও শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় দলটিকে।
ঢালিউড সুপারস্টার শাকিব খানও আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটি উপভোগ করেছেন। আর খেলা শেষে প্রিয় দলকে জানিয়েছেন বিজয়ের শুভেচ্ছা। এক ফেসবুকবার্তায় শাকিব লিখেছেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’
দলের জন্য শুধু শুভেচ্ছাই নয়, ব্রাজিলের প্রতি সান্ত্বনাও প্রকাশ করেছেন শাকিব খান। লিখেছেন, ‘ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ, একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য।’
জানা গেছে, শাকিব খান ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। দুইবার বিশ্বকাপজয়ী এই দলের ম্যারাডোনা তার সবচেয়ে পছন্দের ফুটবলার। এমনকি ছোটবেলায় যখন তিনি ফুটবল খেলতেন, তখন মনে মনে নিজেকে ম্যারাডোনা ভাবতেন!

