প্রশ্ন পছন্দ হয়নি, সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন বেল

ডেনমার্কের বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলনে আসেন ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠতে না পারার হতাশার মাঝে সংবাদিকদের এক প্রশ্নে রেগে যান তিনি। প্রশ্ন শেষ হওয়ার আগেই সংবাদ সম্মেলন থেকে উঠে চলে যান টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে আর খেলবেন কি এমন প্রশ্নে রেগে যান ৩২ বছর বয়সী এই ফুটবলার।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে একজন সংবাদিক বেলকে উদ্দেশ করে বলেন, ‘আমি জানি গতকাল আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল দেশের জার্সিতে এটাই আপনার শেষ ম্যাচ কি না। আপনি বলেছিলেন অন্তত আরও একটা ম্যাচ খেলতে চান, তবে …” প্রশ্নটা শেষ করতে পারেননি ওই সাংবাদিক। এরই মধ্যে কিছুটা রাগ নিয়ে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান বেল।

শেষ ষোলোতে এসে হেরে বাদ পড়েছে তার দল ওয়েলস। নিজেও তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি। অথচ রিয়াল মাদ্রিদে থাকাকালে তাকে তুলনা করা হতো ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। কিন্তু জিনেদিন জিদানের সময়ে রিয়ালে নিজেকে খুব একটা মেলে ধরার সুযোগ পাননি বেল। এরপর রিয়াল ছেড়ে পুরোনো ঠিকানা টটেনহ্যামে ফিরে গত মৌসুমে ২০ ম্যাচে ১১ গোল করেন তিনি। তবে এবার জাতীয় দলের জার্সিতে ইউরোতে কোনো গোলই করতে পারেননি তিনি। উল্টো তুরস্কের বিপক্ষে স্পর্ট কিক পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হন এই তারকা ফরোয়ার্ড।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.