বঙ্গবন্ধুর আদর্শের আলোকেই দেশ গড়ার কথা জানালেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। জাতির জন্য এক আনন্দঘন দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধুকে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ছিল পরাধীনতার। সেই গ্লানি থেকে এ জাতি মুক্ত হয়েছে যার নেতৃত্বে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বুধবার (১৭ মার্চ) জাতির জনকের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশে রাজনৈতিক বিভাজন রয়েছে, সেটা থাকতেই পারে। একটি গণতন্ত্রিক সমাজের সৌন্দর্যই হল চিন্তার বৈচিত্র্য। কিন্তু জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে আমাদের সর্বসম্মতভাবে তুলে ধরতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই সত্য মানতে হবে সবাইকে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কোনও দলের নন, তিনি বাংলাদেশেরই অপর নাম। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া এবং তারই চিরন্তন আদর্শের পথ ধরে বাংলাদেশের অগ্রগতির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো।

