স্বর্ণ আত্মসাৎ মামলায় সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেফতার

গ্রাহকের বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৫ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর, সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের এসএস রোড শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুল হক, প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক ও সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদ।

এদিন সকালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ ৯ জনের বিরুদ্ধে দুদক উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা করেন।

মামলা দায়েরের পরপরই দুদক কর্মকর্তা ইব্রাহিমের নেতৃত্বে একটি দল ওই ৫ কর্মকর্তাকে গ্রেফতার করে।

মামলার অপর আসামিরা হলেন- সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (স্বর্ণ বন্ধকী ঋণ বিভাগ) মো. আশফাকুজ্জামান, সহকারী অফিসার মো. আব্দুর রহিম ও নাহিদা আক্তার।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৩১৬ জন গ্রাহকের মোট ৭ হাজার ৩৯৮ ভরি ১১ আনা জামানতকৃত স্বর্ণ বিদ্যমান আইন অনুসরণ না করে আত্মসাতের চেষ্টা করেন। ওই স্বর্ণের অর্থমূল্য ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা।

অভিযোগ আরও বলা হয়, এর মধ্যে ভুয়া ব্যক্তিকে প্রকৃত ব্যক্তি সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার স্বর্ণ গ্রাহককে না দিয়ে আসামিরা আত্মসাৎ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.