ভোটে আমরা সন্তুষ্ট: ইসি সচিব

চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোট শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট।’

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে চতুর্থ ধাপের পৌর ভোটে নির্বাচন কমিশনের সন্তুষ্টির কথা জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব বলেন, পুরো দেশেই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা নরসিংদীর চারটা ভোটকেন্দ্রে কিছু অনিয়মের কারণে প্রিসাইডিং কর্মকর্তা ভোট বন্ধ করে দিয়েছে। নোয়াখালীর সুনাইমুড়ীতে একটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। শরীয়তপুরের ডামুড্যায় দুটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাতটি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। বাকি ৫০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনার কাজ চলছে।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন দিয়েছেন এবং গণমাধ্যমে যা দেখেছে কমিশন, তাতে আমাদের কাছে মনে হয়েছে, ভোট ভালো হয়েছে।

এক জায়গায় একজন খুন হয়েছেন এবং অনেক জায়গায় রক্তপাত হয়েছে। আপনারা তো প্রত্যাশা করেছিলেন এই ভোট ভালো হবে। সেই প্রত্যাশা পূরণ হয়েছে? এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, পটিয়াতে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাতে একজন লোক মারা গেছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক। এটি ঘটুক আমরা কেউ প্রত্যাশা করি না। প্রার্থীদের মধ্যে যে মারামারি হয়েছে ভোটকেন্দ্রের বাইরে, এটি ভোটকেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো ধরনের প্রভাব ফেলেনি। ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। এই লোকটি মারা গেছে ভোটকেন্দ্র থেকে বাইরের মারামারিতে।’

যে এলাকায় সহিংসতায় একজন মারা গেছে। সেই এলাকার ভোটে কীভাবে প্রভাব পড়েনি- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটি হলো একটি প্রার্থীদের মধ্যে একটি বিচ্ছিন্ন ঘটনা। হঠাৎ করে হয়ে গেছে, একজন লোক মারা গেছে। কিন্তু যারা ভোট দেওয়ার, তারা তো ভোটকেন্দ্রে যাবে। যে জায়গায় মারামারি হয়েছে, সেই জায়গায় ভোটাররা তো যাবে না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.