টিকা নেওয়ার পর কোনো অসুবিধা হয়নি: তাপস

টিকা নেওয়ার সময় কোনো ব্যথা পাননি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর কোন অসুবিধা হয়নি।’

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর ডিএসসিসি মেয়র এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, ‘আজকে আমি ও আমার স্ত্রী টিকা নিলাম। খুব ভালো লাগলো। কথা বলতে বলতেই টিকা দেওয়া হলো। সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছেন।’

সবাইকে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে করে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমি সবাইকে আগেও নিবেদন করেছি, আবারও সবাইকে আহ্বান করবো, আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিয়ে নিন। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারবো। করোনাকে জয় করবো।’

ব‌্যারিস্টার তাপস বলেন, ‘প্রথমত তো ৫৫ বছরের ঊর্ধ্বে যারা ছিলেন তাদের দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে যখন ৪০ বছর থেকে উন্মুক্ত করা হলো, তখন আমি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি। গত বৃহস্পতিবার আমি নিবন্ধন করেছি।’

নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ পাচ্ছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘যেহেতু প্রক্রিয়াটা বাংলায়, সেহেতু সবাই সহযোগিতা নিতে পারছেন। এছাড়া, ওয়ার্ডভিত্তিক নিবন্ধন বুথ করা হচ্ছে। আমাদের রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। আশা করছি, সুষ্ঠুভাবেই হচ্ছে।’ আর টুকটাক যেসব কারিগরি সমস্যা হচ্ছে, সেগুলোর বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.