আ.লীগ-বিএনপির চেয়ে জাপার ইমেজ পরিচ্ছন্ন : জিএম কাদের

আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির ইমেজ পরিচ্ছন্ন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এ সভায় তিনি এ মন্তব্য করেন।

জিমএম কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ইমেজ অত্যন্ত পরিচ্ছন্ন। তাই, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের তরুণ সমাজের সামনেও জাতীয় পার্টি অত্যন্ত আকর্ষনীয়। এছাড়া সমাজে ক্লিন ইমেজের বিশিষ্টজনরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ অব্যাহত রেখেছে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির সামনে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। প্রতিটি ইউনিটে জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে।’ জাতীয় পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন-দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.