দেশে ফিরলেন সাকিব

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। কোয়ারেন্টিন পর্ব শেষে ২০ জানুয়ারিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন ক্যারিবীয়রা।

হোম সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। সঙ্গে দেশে ফিরেছেন তার মা শিরিন রেজা।

সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবেন টাইগাররা। করোনাবিধি মেনে সেদিনই দলের অনুশীলনে যোগ দেবেন সাকিব।

গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেন সাকিব। তার দল চ্যাম্পিয়ন হলেও ফাইনালে খেলতে পারেননি তিনি। তার আগেই অসুস্থ শ্বশুর মমতাজ আহমেদকে (৭২) দেখতে গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব।

কিন্তু তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা। জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন সাকিব।

এদিকে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের দেখভালের জন্য গত কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিবের মা শিরিন রেজা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে গত নভেম্বর সাকিব দেশে ফিরলেও তার মা নাতনির জন্য সেখানেই থেকে যান। রোববার ছেলের সঙ্গে দেশে ফিরলেন তিনি।

এবার দেশে আসার আগেই ভক্ত-সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন সাকিব। নতুন বছরের প্রথম দিনেই জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। নিজের ফেসবুকে সন্তানসম্ভব্য স্ত্রী শিশিরের ছবি পোস্ট করে সাকিব নিজেই জানিয়েছেন এ খবর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.