‘নীল নকশার অংশ হিসেবে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীদের নীল নকশার অংশ হিসেবে জাতীয় শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। ৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ সালের ২১ আগস্ট এবং আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা। আহসান উল্লাহ মাস্টারের মত নিবেদিত প্রাণ। তার মতো যারা ছিলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় হত্যা করে।’

রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতাবিরোধীরা এসব হত্যাকাণ্ড চালিয়েছিল।’ আলোচনায় মন্ত্রী মুক্তিযুদ্ধ  অসম্প্রদায়িক রাজনীতি এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আহসান উল্লাহ মাস্টারের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান এমপি।

সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া বক্তব্য রাখেন। আলোচনা  সঞ্চালনা করেন বাসসের সিনিয়র সাংবাদিক ও আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.