বেগম জিয়া মুক্ত মানবিক কারণে, এটা বিএনপির আন্দোলনের ফসল নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাক তর্জন গর্জনই সার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেগম জিয়া জামিনে মুক্ত আছেন মানবিক কারণে। এটা বিএনপির আন্দোলনের ফসল নয়।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির পুনর্নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক। নির্বাচন এলেই সরকার এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের অপতৎপরতা শুরু হয়। তারা সব সময় নির্বাচনকে বিতর্কিত করতে চায়।

সভায় সেতুমন্ত্রী আরও বলেন, ধর্ষণ, নারী নির্যাতনের সাথে যারাই জড়িত তাদেরকে প্রধানমন্ত্রী ছাড় দেননি। কোনো আপস করা হয়নি। করোনার কারণে পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় বেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।

এছাড়া আগামী মাস থেকে দলীয় কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে শুরু হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামী ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধৃ অ্যাভিনিউততে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জেলহত্যা দিবসের আলোচনা হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নেবেন বলে সভায় জানানো হয়।

সভায় মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, আবদুস সবুর, সুজিত রায় নন্দী, বিপ্লব বড়ুয়া, এবিএম রিয়াজুল কবির কাওছার, সায়েম খান, সাহাবুদ্দিন ফরাজী, সানজিদা খানমসহ সহযোগী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.