নুরসহ ৬ জনের গ্রেপ্তারের দাবিতে অনশনে সেই শিক্ষার্থী

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অব্যাহতি পাওয়া আহ্বায়ক হাসান আল মামুনসহ ধর্ষণে অভিযুক্ত সংগঠনটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তিনি।

অনশনের বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সেজন্য আজ বাধ্য হয়ে অনশনে বসেছি। ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোনো ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরসহ অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ২০ সেপ্টেম্বর মামুনকে প্রধান আসামি করে ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের মামলা করেন ওই ছাত্রী। এই মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর একই আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং হেয়-প্রতিপন্ন করতে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগ কোতোয়ালি থানায় অরেকটি মামলা করেন ওই ছাত্রী।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক হাসান আল মামুন (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর (২৫), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি (২৩)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.