প্রাণঘাতী করোনায় আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। শুধু মেয়র নন তার সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম এবং তাদের একমাত্র কন্যা বুশরা আফরিনও করোনা আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আতিকের পরিবার।
এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দ্বিতীয় দফা টেস্টেও করোনা পজিটিভ হওয়ায় এখনো কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই রয়েছে মেয়র আতিকের পুরো পরিবার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের সকলের চিকিৎসা চলছে। গত ১২ অক্টোবর করোনা পজিটিভ আসার পর ১৩ অক্টোবর স্ত্রী, কন্যাসহ হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক। এরপর গত ১৪ অক্টোবর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হলে মেয়র আতিক জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে চিকিৎসা (টিকা) দেওয়া হয়েছে আমাকেও তাই দেওয়া হয়েছে। মেয়রকে রেমডেসিভির টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

