শাহেদের পালানোর সুযোগ নেই, যেকোনও সময় গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই এবং যেকোনও সময় তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রবিবার (১২ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আত্মসমর্পণ করা।’

তিনি বলেন, ‘শাহেদকে ধরতে র‌্যাব-পুলিশ তাকে খুঁজছে। আশা করি, খুব শিগগিরই তা জানাতে পারবো।’

মন্ত্রী বলেন, ‘রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সাহেদকে খোঁজা হচ্ছে, তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাকে গ্রেফতার করা হবে। তার বিদেশ যাওয়ার সুযোগ কোনও সুযোগ নেই। যে কোনও সময় শাহেদ গ্রেফতার হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুতই এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে।’

এ সময় শাহেদ গ্রেফতার না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতারের চেষ্টা চলবে বলে জানান আইজিপি ড. বেনজীর আহমেদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.