বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক, অগ্রহণযোগ্য: তাবিথ আউয়াল

বিআরটিএর বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল। স্বল্প আয়ের মানুষের ওপর চাপিয়ে দেয়া এরকম অমানবিক সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তিনি।

রোববার গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তাবিথ বলেন, যেখানে বিশ্বে জ্বালানি তেলের দাম নিম্নমুখী ও ঢাকার সাধারণ মানুষ নিজেদের উপার্জন নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন, সেখানে বাসের ভাড়া অবশ্যই কমানো উচিত।

তিনি ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেভাবে আপনি সব বাড়ির মালিকদের অনুরোধ করেছিলেন ভাড়া কমানোর জন্য, সেইভাবে এখনো আপনি একইরকম উদ্যোগ নেন। আতিকুল ইসলাম মানুষের সেবায় অংশ নেবেন সেই প্রত্যাশা করেন তাবিথ।

এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাবিথ আওয়াল।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রাহমান মুছাব্বিরের উদ্যোগে ২৬নং নম্বর ওয়ার্ডের পশ্চিম কাওরান বাজারে এসব খাবার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান, স্বেচ্ছাসেবক দল তেজগাঁ থানার সহ-সভাপতি রেয়হান জমাদার রাসেল প্রমুখ।

এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডে বিগত নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী মাসুম খান রাজেশ, ৯ নম্বর ওয়ার্ডে ইমরান হোসাইন, ১৩ নম্বর ওয়ার্ডে আনোয়ার সাদাত খান রনি খাবার বিতরণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.