নরসিংদীতে সংঘর্ষ দেখতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে প্রবাসীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নূরল হক নামে এক প্রবাসী টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫টি করে বসত ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর গ্রামের কাঞ্চন মিয়ার সঙ্গে উভয়র গ্রামের স্বপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আগেও কয়েক দফা হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে উভয় পক্ষ আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ দেখতে গিয়ে নূরুল হক নামে এক প্রবাসী টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.