সিলেটে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন কিশোরীর মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ‘শ্বাসকষ্টে’ ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের একটি উপজেলা থেকে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেইসঙ্গে তার সমস্ত শরীর ফোলা ছিল। তারপর ডাক্তাররা এসে অক্সিজেন লাগান। এরপর দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান আরও বলেন, মেয়েটি বা তার পরিবারের কোনও বিদেশফেরত বা তাদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি। দুই মাস আগে থেকেই তার শরীর অসুস্থ ছিল।

তার মৃত্যুকে স্বাভাবিক জানিয়ে ওসমানী হাসপাতালের পরিচালক বলেন, পরীক্ষার জন্য তার নমুনা রাখার প্রয়োজন নেই। আর সে সন্দেহভাজনও ছিল না। তার জানাজাও স্বাভাবিক নিয়মে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, কিশোরীর পরিবারের দেয়া তথ্যমতে সে আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল এ জন্য তার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার দরকার নেই। কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.