দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিএনপির বিক্ষোভ কর্মসূচী স্থগিত

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামীকাল বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব ঘটায় আগামীকালের সেই কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য কামনা করছি এবং এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি।

একই সঙ্গে আমরা দল, অঙ্গ দল ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীদের এবং দেশবাসীকে করোনাভাইরাসে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা প্রদান ও এই রোগ যাতে আর না ছড়ায় সে লক্ষ্যে জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানাচ্ছি।’

দুস্থ রোগীদের চিকিৎসায় সহায়তা দান এবং রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও সরঞ্জাম নিয়ে জনগণের পাশে থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় , সেলিমা রহমান এবং ইকবাল মাহামুদ টুকু ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.