করোনা মোকাবেলায় ভারতকে সহযোগিতা করবে পাকিস্তান

পাকিস্তান বলেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ের সময় এক প্রশ্ন উত্তরে এ আভাস দেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ। পাশাপাশি তিনি আরো জানান, করোনার চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে পাকিস্তান।

পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন যখন নজিরহীনভাবে তুঙ্গে বিরাজ করছে তখন নয়াদিল্লির প্রতি সহযোগিতার এ আভাস দিল ইসলামাবাদ। গত বছরের ফেব্রুয়ারিতে পরমাণু শক্তিধর দেশদুটি পরস্পরের ওপর বিমান হামলা চালানোর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন তুঙ্গে পৌঁছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা একতরফাভাবে নয়াদিল্লি সরকার প্রত্যাহারের মধ্য দিয়ে এ উত্তেজনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়।

তবে, পাকিস্তান ও ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও দুই অঙ্কে সীমিত রয়েছে। অবশ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হলে এ বৈশ্বিক-মহামারির দ্রুত বিস্তার ঘটতে পারে। পার্সটুডে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.