করোনা ভাইরাসে ওয়াশিংটনে মারা গেছেন একজন। শনিবার কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। ওদিকে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরালো করেছে ট্রাম্প প্রশাসন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মৃত ব্যক্তি কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর জটিল অবস্থায় ছিলেন। এরপর সিয়াটলের কাছে কির্কল্যান্ডে অবস্থিত এভারগ্রিন হেলথ হাসপাতালে তিনি মারা গেছেন। ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জেফ্রে ডাচিন বলেছেন, কিভাবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত নন। কির্কল্যান্ডে আরো দু’জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে জোরালোভাবে মনে করা হচ্ছে। সেখানে কমপক্ষে ৫০ জন অধিবাসী ও স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে।
জেফ্রে ডাচিন বলেন, এই মুহূর্তে এই ভাইরাস এখানে ব্যাপকভাবে স্থানীয়দের মধ্যে বিস্তার ঘটেনি। দীর্ঘ মেয়াদী কেয়ার ফ্যাসিলিটিগুলোর সঙ্গে সম্পর্কিত থাকা থেকেই এই সংক্রমণ ঘটে থাকতে পারে। কির্কল্যান্ডে আরো যে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। তার বয়স ৪০ এর কোটায়। তার অবস্থা স্থিতিশীল। আক্রান্ত ৭০ বছর বয়সী একজন নারীর বসবাস ওই এলাকায়। তার অবস্থা আশঙ্কাজনক। এটা দুঃখজনক যে, করোনা ভাইরাসে ওয়াশিংটনে একজন মারা গেছেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানিয়েছেন রাজ্যের গভর্নর জে ইন্সলি। তিনি বলেছেন, আমরা আমাদের প্রস্তুতিকে শক্তিশালী করছি এবং সাড়া দেয়ার চেষ্টাকেও শক্তিশালী করছি। আমরা ওয়াশিংটনের মানুষকে সুস্বাস্থ্য ও নিরাপদ রাখতে চাই।
শুদ্ধস্বর/বিটি

