সদ্য অনুষ্ঠিত ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ জানতে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এতে দেড় শতাধিক কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন।
গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে বিএনপি অভিযোগ করে, কেন্দ্রের ভেতরে বিএনপির এজেন্ট ঢুকতে দেয়া হয়নি। কোথাও কোথাও ভয় দেখিয়ে বের করে দেয়া হয়েছে তাদের।
নির্বাচনের দিন বিএনপির করা এসব অভিযোগ নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ।
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, এবারের ঢাকা সিটি নির্বাচনে বিএনপি ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা।
তাই তারা কেন ব্যর্থ হলেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে এই বৈঠকের আয়োজন করেছে বিএনপি।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও আরো উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
শুদ্ধস্বর/ এস এ কে

