সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের কবরস্থানের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো শামীম (৮) ও মনির (৭)। তাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামীমের বাবার নাম রবিউল আলম। মনিরের বাবার নাম আবদুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া থানায়। মা-বাবার সঙ্গে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে বসবাস করতো দুই শিশু। তাদের দু’জনের বাবা অটোরিকশা চালক।
পুলিশ জানায়, ১০ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলো দুই শিশু। ১১ই জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন দুই শিশুর বাবা।
আজ সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের কবরস্থানের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে দু’টি মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শুদ্ধস্বর/আইকে

