ঢাবি শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে বালিশ-তোষক ছাড়াই ঘুমালেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হাতে চার শিক্ষার্থীর নির্যাতনের শিকার হওয়ার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের নিচে বালিশ-তোষক ছাড়াই ঘুমালেন শিক্ষার্থীরা। এতে নির্যাতিত শিক্ষার্থী মুকিম মোহাম্মদ চৌধুরীসহ প্রতিবাদী শিক্ষার্থীরাও ছিলেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৪ টার দিকে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে আহত মুকিম ও তার পাশে কয়েকজন শিক্ষার্থী গায়ে হাল্কা চাদর মুড়িয়ে ঘুমাচ্ছেন। কয়েকজন ঘুমাতে না পেরে পাশে কাঠখড় পুড়িয়ে তাপ নিচ্ছিলেন।

তখন জেগে উঠেন আহত মুকিম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকতে কীভাবে ছাত্রলীগ আমার ওপর নির্যাতন করে? আমিও শিক্ষার্থী তারাও শিক্ষার্থী। আমাকে মারার অধিকার তাদের কে দিল? বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিচার না করে তাহলে আমি আমার অবস্থান থেকে নড়ব না।’ মুকিম মোহাম্মদ চৌধুরী বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেন। অভিযুক্তদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীকে শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে বুয়েটের আবরারের স্টাইলে রাতভর নির্যাতন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.