ছাত্রলীগ, নিউক্লিয়াস ও স্বাধীনতা এবং প্রতিষ্ঠার ৭২ বছর

আজ ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগের জন্ম ইতিহাস মানেইবাংলাদেশের জন্মের ইতিহাস।আজকের প্রজন্মের অনেকেই হয়তো এ ইতিহাস জানে না। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই ‘পাকিস্তান’ নামে অদ্ভুত রাষ্ট্রকাঠামোর মধ্যে পূর্ব বাংলার মানুষের কোন স্বাধীনতা ও মুক্তি নাই, এ বিষয়টি পরিষ্কার হচ্ছিল পূর্ব বাংলার রাজনৈতিক নেতাকর্মীদের মনে। পাকিস্তান রাষ্ট্রটির জন্মলগ্ন থেকেই শাষকগোষ্ঠীর বিমাতাসুলভ আচরণে পূর্ব বাংলার কিছু মানবপ্রেমী, মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষের উপলব্ধি হয় যে, পাকিস্তান রাষ্ট্রটির সঙ্গে পূর্ব বাংলার একত্রে থাকার মাধ্যমে মানুষের মুক্তির কোন উপায় নেই, বরং বৃটিশদের তুলনায় আরো বেশি নিপীড়িত ও শোষিত হতে হবে পূর্ব বাংলার জনগনকে। সূদুরপ্রসারি চিন্তাধারার কিছু মহান দেশপ্রেমিকের প্রচেষ্টায় তাই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র ১৪৩ দিনের মাথায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি গঠিত হয় ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’ এবং পাকিস্তান সৃষ্টির দুই বছরেরও কম সময়ে ১৯৪৯ সালের ২৩শে জুন গঠিত হয় “পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ”, যার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি আজীবন লড়াই, সংগ্রাম করে শুধু বাঙ্গালী জাতির পিতাই নন, সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের মহান নেতা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন-স্বীয় মেধা, মানুষের জন্য মমত্ববোধ ও নির্মম নির্যাতনের মধ্যেও নিজেকে আপোসহীন রেখে। তারই নির্দেশে পূর্ব বাংলা যা পরে পূর্ব পাকিস্তান নাম হয়েছিলো, সেই অংশটিকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়“নিউক্লিয়াস”।

পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ ১৯৭০ সালের সাধারন নির্বাচনের মতোই ১৯৫৪ সালেও যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিলো, কিন্তু, তখন শেখ মুজিব ছিলেন তরুণ নেতা, তাঁর সিনিয়র শেরে-বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী সংখ্যালগিষ্ঠ পশ্চিম পাকিস্তানীদের কূটচালের কাছে হেরে যান, সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বৃটিশ শাষণামলের অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী ও পূর্ব বাংলা ও আসামের কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মাওলানা ভাষানী পূর্ব পাকিস্তানের জনগনের ন্যায্য অধিকার আদায় করতে পরিপূর্ণ সফল হন নাই, বন্ধ করতে সক্ষম হন নাই পশ্চিমাদের শোষণ-নিপীড়ন। তাই পূর্বসূরি কাউকে অসন্মান বা অশ্রদ্ধা না করেও শেখ মুজিব ধাপে ধাপে বাঙ্গালীর স্বাধীনতার স্পৃহাকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এবং
তার অনুসারী সিরাজুল আলম খান,আব্দুর রাজ্জাক ও কাজি আরেফ আহমেদ সাথে সাথে স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুতির জন্য ছাত্রলীগ ও আওয়ামী লীগের তরুণ নেতা-কর্মীদের মাঝে গোপন সংগঠন গড়ে তুলেছেন, যার নাম ছিলো “নিউক্লিয়াস”।

বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যেসব উপাদান সংগ্রহ করা গেছে, তা থেকে জানা যায় যে, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র লীগের কিছু মেধাবী ছাত্র যথা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল আলম খান, ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতা কাজী আরেফ আহমেদ ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সর্বপ্রথম নিউক্লিয়াস নামে একটি গোপন সংগঠন তৈরি করেন, যা বাংলাদেশে পরবর্তীতে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামে পরিচিতি লাভ করে | নিউক্লিয়াসের মাধ্যমেই ব্যাপকভাবে ছাত্র ও তরুণদের স্বাধীনচেতা ও মুক্তিকামী অংশ সর্বপ্রথম একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখা শুরু করেন আর তার কারণ ছিল একটাই, যা ছিল নিষ্পেষিত, প্রতারিত ও শোষিত বাঙালী সমাজকে পশ্চিম পাকিস্তানের কবল থেকে মুক্ত করা। ১৯৬৪ সালে নিউক্লিয়াসের তিনজন হাইকমান্ড যথাক্রমে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ গঠন করেন “স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ”। এ সময়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিউক্লিয়াসের কার্যক্রম সম্পর্কে অবহিত করার দায়িত্বভার অর্পিত হয় জনাব আব্দুর রাজ্জাকের উপর। আজকের নতুন প্রজন্মের অনেকেরই হয়তো নিউক্লিয়াস সম্পর্কে বিশদভাবে জানা আছে আবার অনেকেরই এ বিষয়ে জানা নাই। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি বিষয়ে নিউক্লিয়াসের সকল কার্যক্রম পরিচালিত খুবই গোপন বৈঠকের মাধ্যমে, কাজেই পরিকল্পনামাফিক নিউক্লিয়াসের কার্যক্রম সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া ছিল কল্পনাতীত, কেননা এটা ছিলো রাষ্ট্রদ্রোহিতার শামিল।

একটি কথা সবাইকেই স্বীকার করতে হবে যে, বাংলাদেশ সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল –‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা’ তৈরি করা, যার প্রচারণায় মানুষ আগ্রহী ও আশান্বিত হয়। এক কথায় বলা যায়, স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগ ও আইয়ুব-মোনায়েম সমর্থক মৌলিক গণতন্ত্রী (বিডি) চেয়ারম্যান-মেম্বর, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ (পরে নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির) ব্যতীত সর্বদলীয় মানুষের অংশগ্রহণ করে। সেই কারণেই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জন ছিল একটি বাস্তবতা। নিউক্লিয়াসই বাংলাদেশ রাষ্ট্রের বা বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২ থেকে প্রস্তুতির জন্য ছিল মূল চালিকা শক্তি।

অপরদিকে ছাত্রলীগকে গতিশীল ও সুশৃঙ্খল সংগঠনরূপে গড়ে তুলতে ‘নিউক্লিয়াস’ দ্রুত গতিতে এগিয়ে যায় ১৯৬৪ সাল থেকে। এভাবেই ১৯৬৮ সাল নাগাদ গোটা বাংলাদেশে (পূর্ব পাকিস্তান) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসের ৩০০ ইউনিট গঠন করা হয়। প্রতি ইউনিটে ৯ জন করে সদস্য ছিলেন। প্রতি মহকুমায় চার-পাঁচজন সদস্য থাকতেন। মহকুমার অধীনে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচজন সদস্য নিয়ে গোপন কমিটি গঠিত হতো। ১৯৬৮-‘৭০ সালে ‘নিউক্লিয়াস’-এর সদস্য বৃদ্ধি পেয়ে সাত হাজারে দাঁড়ায়। ১১ দফা আন্দোলনকে বেগবান করে শেখ মুজিবের মুক্তি ও এক দফার অর্থাৎ স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নেয়া হয় নিউক্লিয়াসের মাধ্যমেই। এক কথায় তখন ছাত্রলীগের উপরে পুরো কর্তৃত্ব ছিল নিউক্লিয়াসের। পরবর্তীতে শ্রমিক লীগ গঠিত হয় নিউক্লিয়াসের কর্ম পরিকল্পনা অনুসারে এবং বলাই বাহুল্য শ্রমিক লীগও পরিচালিত হতো বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসের নেতৃবৃন্দের দ্বারা।

এর বাইরে ছাত্রলীগ পরিচালনার জন্য একটি ‘ছায়া ফোরাম’ গঠন করা হয়। এই ছায়া ফোরামের দায়িত্ব ছিল কাজী আরেফ আহমেদের উপর। এই ছায়া ফোরামের সদস্য ছিলেন মনিরুল ইসলাম (মার্শাল মণি), আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, স্বপন কুমার চৌধুরী। ১৯৬৯ সালে কারামুক্তির পরে ‘বঙ্গবন্ধুকে ‘নিউক্লিয়াস’ ও বিএলএফ-এর কর্মপদ্ধতি, সংগঠন ও কার্যাবলীর অগ্রগতি সম্পর্কে অবহিত করা হলে তিনি উজ্জীবিত হন এবং তখন থেকেই বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন হন। বঙ্গবন্ধু বিএলএফ-এর হাই কমান্ডে শেখ ফজলুল হক মণি ও তোফায়েল আহমদকে অন্তর্ভুক্ত করতে বলেন। তিনি সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মণি ও তোফায়েল আহমদ এই চার যুব নেতাকে স্বাধীনতার প্রশ্নে প্রয়োজনে ভারতের সহযোগিতা নেয়ার কথাও উল্লেখ করেন। এবং যে কোন পরিস্থিতিতে যোগাযোগের জন্য কোলকাতার ভবানী রোডের একটা ঠিকানা প্রদান করেন। উল্লেখ্য, এই ঠিকানাটা ছিল চিত্ত রঞ্জন সুতারের। এবং ২৫ মার্চের পরে এই চার যুব নেতা ওই ঠিকানাতেই মিলিত হন এবং গড়ে তুলেন মুজিব বাহিনী যার উপরে মুজিবনগর সরকারের কোন কর্তৃত্ব ছিল না।

১৯৬২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সংগঠিত সবকটি আন্দোলনের কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করে এই গোপন সংগঠনটি। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রধান প্রধান কর্মকাণ্ডগুলো সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হলো:

১) ষাটের দশকের মাঝামাঝি সময়ে গাড়িসহ বিভিন্ন যানবাহনের নাম্বার ও বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাটের নাম ফলক ইংরেজির পরিবর্তে বাংলায় লেখার আন্দোলন সংঘটিত হয়। নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী বাংলায় লেখার এই মৌলিক কাজটি সুচারুরূপে সম্পন্ন করে ছাত্রলীগ।

২) একই সময়ে প্রথম দেয়াল লিখন (চিকা) ব্যবস্থা চালু হয় ‘নিউক্লিয়াস’-এর সিদ্ধান্তে। যা বাস্তবায়নের জন্য যৌথভাবে দায়িত্ব পালন করে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন।

৩) ১৯৬৬ সালে বঙ্গবন্ধু লাহোরে ছয় দফা ঘোষণা করলে বাঙ্গালীর স্বাধিকার বিষয়টা সামনে চলে আসে এটাই ছিল প্রকাশ্যে স্বাধীনতার আন্দোলনের প্রাথমিক ধাপ। বঙ্গবন্ধু যখন ছয় দফা ঘোষণা করেন তখন তার পক্ষে বিপক্ষে বিতর্ক শুরু হয়। আর এই বিতর্ককে পাস কাটিয়ে সে সময়ের ছাত্রলীগের মহানগর সভাপতি কাজী আরেফ আহমেদ ও সাধারন সম্পাদক আবুল কাসেম সর্বপ্রথম বিবৃতি দিয়ে ছয়দফার প্রতি সমর্থন জানান এবং কাজী আরেফের নেতৃত্বে ঢাকার রাজপথে মিছিল বের করেন। এরপর পরই ছয় দফার প্রতি সমর্থন জানানো শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

৪) শেখ সাহেবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ, যা তখনকার ছাত্রলীগের সভাপতি (তোফায়েল আহমদ) কর্তৃক ১৯৬৯ সালে পল্টন ময়দানে ঘোষণা করা হয়।

৫) বাঙ্গালীর জাতীয় রাষ্ট্র হিসেবে ‘বাংলাদেশ’ নামকরণের সমর্থন, যা ১৯৭০ সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু উত্থাপন করেন।

৬) স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ নির্ধারণ করে নিউক্লিয়াস।

৭) স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা তৈরী ও উত্তোলন। ১৯৭০ সনের ৬ই জুন রাতে ইকবাল হলের ১১৬ নম্বর রুমে পতকা প্রস্তুত করা হয় যা পরের দিন পল্টনে বঙ্গবন্ধুর হাতে তুলে দেয়া হয়। এই পতাকাই ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পশ্চিম পাশের ছোট গাড়ি-বারান্দার ছাদের সভা মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব।

৮) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভায় ‘স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ’ প্রস্তাব পাস করানো ছিল নিউক্লিয়াসের সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত মোতাবেক ১৯৭০ সনের ২১শে জুন বলাকা ভবনে ছাত্রলীগের সভায় নিউক্লিয়াসের সদস্য ও ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন কুমার চৌধুরী এই প্রস্তাবক উত্থাপন করেন এবং ৩৬ : ৯ ভোটে প্রস্তাবটি পাস হয়।

৯) ১৯৭১ সালের ৩রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ।

১০) সম্ভাব্য মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আতাউল গনি ওসমানীর নাম বঙ্গবন্ধুকে সুপারিশ করে নিউক্লিয়াস।

১১) ১৯৭০ সালে শ্রমিক শ্রেণীর সংগঠন ‘শ্রমিক লীগ’ গড়ে তোলা।

১২) মরহুম মমতাজ বেগমের নেতৃত্বে ছাত্রীদের নিয়ে ‘প্রীতিলতা ছাত্রী ব্রিগেড’ গড়ে তোলা হয়।

১৩) ‘বিপ্লবী বাংলা’ নামে গোপন ও ‘জয় বাংলা’ নামে প্রকাশ্য পত্রিকা এবং বুকলেট, লিফলেট ও পুস্তিকা প্রকাশ।

১৪) স্বাধীনতার যাবতীয় প্রচার কর্মকাণ্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে’ পরিচালিত হওয়ার সিদ্ধান্ত প্রদান।

১৫) ১১ দফা আন্দোলন পরিকল্পনা এবং এর সাংগঠনিক বিস্তারে ‘নিউক্লিয়াস’-এর নেতৃত্ব ও সংগঠকরা নেপথ্যে মূল ভূমিকা পালন করেছিলেন। ১১ দফা কর্মসূচি প্রণয়ন এবং এ আন্দোলন পরিচালনার জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের রূপ প্রদানে ‘নিউক্লিয়াস’ নেতাদের ভূমিকাই প্রধান ছিল। ১১ দফায় স্বাক্ষরকারী ছাত্র সংগঠনসমূহ হলো ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন (উভয় গ্রুপ-মেনন গ্রুপ ও মতিয়া গ্রুপ), ছাত্র ফেডারেশন (দোলন গ্রুপ) ও ডাকসু। ১১ দফা আন্দোলন চলাকালে গণ-অভ্যুত্থান অনুষ্ঠিত হওয়ার ফলে পূর্ব পাকিস্তানে অবাঙালি অধ্যুষিত প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ে। ‘নিউক্লিয়াস’ সংগ্রাম পরিষদের মাধ্যমে বিকল্প সামাজিক শক্তি হিসেবে বিভিন্ন ধরনের ব্রিগেড সারা দেশে গড়ে তুলতে সক্ষম হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, শহর-পাড়া-মহল্লাসহ প্রত্যেক অঞ্চলে এবং থানা পর্যায় পর্যন্ত এর ব্যাপ্তি ছিল। নৈশ প্রহরী, ট্রাফিক ব্যবস্থা, মেইল ট্রেন চালু, লঞ্চ, স্টিমার, নৌবন্দর পরিচালনা, এমসিসি-পাকিস্তান ক্রিকেট খেলা পরিচালনা করা, থানা পর্যায়ে পুলিশ প্রশাসনকে সহায়তা করা ও আইনশৃঙ্খলা রক্ষা করা, শিল্প কল-কারখানায় উৎপাদন অব্যাহত রাখা ইত্যাদি কার্যক্রম পরিচালনায়ও ব্রিগেডগুলোর ভূমিকা ছিল প্রত্যক্ষ। ছাত্রনেতা আসাদ, কিশোর ছাত্র মতিউর পুলিশের গুলিতে নিহত হলে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণ করে ‘নিউক্লিয়াস’ এবং তা কার্যকর করে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’। গণ-আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে এবং গণ-অভ্যুত্থানে পরিণত হয়। প্রশাসনিক ব্যবস্থা বিকল হয়ে পড়ে। ফলে আইয়ুব খান পদত্যাগ করে ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।

১৬) ৬ দফা, ১১ দফা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলনকে এক দফায় রূপান্তর করে স্বাধীনতার বিষয়কে সামনে নিয়ে আসা।

১৭) ১৯৭১ সালে তৎকালীন রেসকোর্স মাঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর মুখে উচ্চারিত ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ বাক্য সংযোজন করেন নিউক্লিয়াসের নেতৃবৃন্দের সিদ্ধান্তে।

১৮) প্রবাসী সরকারের ‘সর্বদলীয় জাতীয় উপদেষ্টা পরিষদ’ গঠন।

এছাড়াও ‘জয় বাংলা’, ‘তুমি কে আমি কে, বাঙ্গালী বাঙ্গালী’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘পিণ্ডি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘ছয় দফা না এক দফা, এক দফা এক দফা’, ‘বীর বাঙ্গালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’! ‘শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’! ‘স্বাধীন করো স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো’ এই শ্লোগান গুলো নিউক্লিয়াস থেকেই সৃষ্টি যা জনপ্রিয় করা হয় ছাত্রলীগ, শ্রমিক লীগের মাধ্যমে।

উপরের আলোচনা থেকে খুব সহজেই এই সিদ্ধান্তে আসা যায় যে, ১৯৬২ সালে গঠিত গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসই ধারাবাহিকভাবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এসেছে। আর তারাই ১৯৭২ সালে ছাত্রলীগ প্রস্তাবিত স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মানষে ছাত্রলীগ স্বাধীনতাত্তোরকালে “আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্রকেই নীতি হিসাবে গ্রহন করে। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখতে গেলে কোনভাবেই এই নিউক্লিয়াসের ভূমিকা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যেমন ছাত্রলীগকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয়, তেমনি ছাত্রলীগকে পরিচালনার জন্য নিউক্লিয়াসের নামও চলে আসবে, এটাকে অস্বীকার করে স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে সেটা হবে অসম্পূর্ণ ইতিহাস, যার ফলে অশুভ শক্তির ইতিহাস বিকৃতির সুযোগ থেকেই যাবে।।

আহমেদ ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ।
৪ঠা জানুয়ারি ২০২০

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.