কাশ্মীর নিয়ে জরুরি বৈঠকে বসছেন মোদি ও ইমরান

নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর কাশ্মীর নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই ইস্যুতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনের খবর, রবিবার বিকাল তিনটায় পাকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেন ইমরান খান।

কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর তৎপরতার বিষয়ে জাতীয় সুরক্ষা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে এক টুইট বার্তায় এ তথ্য জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী তথ্যবিষয়ক উপদেষ্টা ফেরদৌস আশেক আওয়ান। তিনি বলেন, জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হবে।

অন্যদিকে, একই ইস্যুতে সোমবার সকালে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, কাশ্মীরের কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ারও দাবি করেছে ভারত। এদিকে, অমরনাথমুখী হিন্দু তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর যত দ্রুত সম্ভব তীর্থযাত্রীদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.