সিলেটে ভাগ্নে বৌকে ধর্ষণ করে ভিডিও ধারণ, মামা শ্বশুর গ্রেফতার

সিলেটের ওসমানীনগর উপজেলায় বিধবা ভাগ্নে বৌকে (৩৭) ধর্ষণ করে মামা শ্বশুর ভিডিও ধারণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই ভিডিও দেখিয়ে পরে একাধিকবার তাকে ধর্ষণ করেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শফজুল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে।

গ্রেফতার শফজুল মিয়া উপজেলার তাজপুর ইউপির ভাড়েরা গ্রামের মৃত আখলুছ মিয়ার ছেলে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন জানান, উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা রোডের একটি বাসাতে ভাড়া থাকতেন তিন সন্তানের জননী বিধবা ওই নারী। প্রায় দুই বছর পূর্বে ওই নারীকে তার মামা শ্বশুর শফজুল মিয়া ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন। এরপর থেকে এই ধর্ষণের ভিডিওর ভয় দেখিয়ে জিম্মি করে বিভিন্ন সময়ে শফজুল তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই নারীর বাসায় তাকে ফের ধর্ষণ করেন শফজুল। এতে ওই নারী বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ওসমানীনগর থানায় এসে মামা শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে শফজুলকে গোয়ালাবাজার এলাকা থেকে আটক করে। পরে শুক্রবার সকালে ওই নারীর দায়েরকৃত ধর্ষণ ও পর্ণোগ্রাফির দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

ওসি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.