৩০০ জঙ্গি নিহত হয়েছে একথা বলিনিঃকেন্দ্রীয় মন্ত্রী এসএস অহলুওয়ালিয়া

পাকিস্তানে ঢুকে বোমা ফেলে এসেছে বায়ুসেনা। গুঁড়িয়ে দিয়ে এসেছে অসংখ্য জঙ্গিঘাঁটি। কিন্তু তাতে ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে? এখনও পর্যন্ত তার সদুত্তর মেলেনি। তবে ৩০০-৩৫০ জঙ্গি মৃত্যুর যে সংখ্যা উঠে আসছে, সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ঘাড়েই তার দায় চাপালেন কেন্দ্রীয় মন্ত্রী এসএস অহলুওয়ালিয়া। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা সরকারি মুখপাত্রের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম সূত্রেই যা ছড়ানোর ছড়িয়েছে।

শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এসএস অহলুওয়ালিয়া। সেখানে তিনি বলেন, ‘‘গত কয়েকদিনে জাতীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের সংবাদমাধ্যমের রিপোর্টই পড়েছি।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যও শুনেছি। পাকিস্তানে বোমাবর্ষণের পর রাজস্থানের চুরুতে ভাষণ দিয়েছিলেন উনি। সেখানে একবারের জন্যও কি ৩০০ জঙ্গি মারা গিয়েছে বলেছিলেন মোদীজি? বিজেপির কোনও মুখপাত্রের তরফে কি জঙ্গিমৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে? অমিত শাহ কি তেমন কিছু বলেছেন?’’

পাকিস্তানকে বার্তা দিতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনা সেখানে বোমা ফেলে বলেও দাবি করেন অহলুওয়ালিয়া। তাঁর কথায়,  ‘‘সমস্ত পাহারা টপকে শত্রুর বাড়ির পাশে বোমা ফেলেছি বটে। তবে তাতে সাধারণ মানুষের প্রাণহানি হোক চাইনি। শুধুমাত্র কড়া বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল আমাদের, যাতে বোঝানো যায় যে,  শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের।’’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.