সরকার গঠনে প্রত্যেকটি ভোটকে মূল্যবান আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সড়কপথে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বিভিন্নস্থানে নির্বাচনে পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সকালে ফরিদপুরের ভাংগার মোড় এলাকায় একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, প্রতিটি ভোট এবং আসনই মূল্যবান এবং আপনার একটি ভোটই আমাদের সরকার গঠনে সাহায্য করতে পারে। প্রয়োজনীয় সংখ্যক আসন থেকে একটি আসনও যদি কম হয়ে যায় তাহলেই আমরা সরকার গঠন করতে পারবো না। কাজেই আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিতের সঙ্গে সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন। ফরিদপুর-৪ আসনের মহাজোট প্রার্থী (ভাংগা, সদরপুর, চরভদ্রাসন) কাজী জাফরউল্লাহও সমাবেশে বক্তৃতা করেন এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে তাহলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। কাজেই, এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য একটি ভোটও আমাদের কাছে মূল্যবান। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।

