নিজের নির্বাচনী এলাকায় প্রচার চালানোর সময় কর্মী সমর্থকদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা চেষ্টা রুখে দেয়ায় স্থানীয় পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পটুয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী গোলাম মওলা রনি।
বৃহস্পতিবার প্রচার চালানোর সময় নির্বাচনী এলাকায় হামলা চেষ্টা ও পুলিশের ভূমিকা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রনি। এতে তিনি বলেন, আজ এক অদ্ভূত ঘটনা ঘটলো আমার জীবনে। গত প্রায় সাত দিন ধরে অবরুদ্ধ থাকতে গিয়ে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রধান নির্বাচন কমিশনার, ডিসিসহ গলাচিপা-দশমিনার প্রশাসনের নিকট থেকে কোন সাড়া শব্দ পাচ্ছিলাম না- ফলে কি করা উচিত তা নিয়ে দ্বিধাগ্রস্ত সময় পার করছিলাম।
রনি বলেন, ব্যক্তিগত জীবনে আমি সর্বদা নম্র, ভদ্র থাকার চেষ্টা করি। সকল পরিস্থিতি পরম ধৈর্য্য, সাহস ও বুদ্ধিমত্তা দ্বারা মোকাবিলা করি। আজ সকালেও বহু পক্ষের নানামুখী উস্কানি সত্ত্বেও নিজ সিদ্ধান্তে অটল থেকে প্রাণবন্ত অবস্থায় সময় পার করছিলাম।

