ড. কামাল হোসেনের রাজনৈতিক দল গণফোরামে যোগ দিয়েছেন সাবেক ১০ সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা।
যোগ দেওয়া কর্মকর্তারা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, শেখ আকরাম আলী, মোহাম্মদ শহিদুল্লাহ, এএফএম নুরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর মাসুদুল হাসান, মো. এমরান, মো. বদরুল আলম সিদ্দিকী।
এদিকে যোগ দেওয়া বিমান বাহিনীর কর্মকর্তারা হলেন, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ফোরকান আলম খান, মো. হাবিব উল্লাহ ও মো. মাহমুদ।
সোমবার বিকালে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে সাবেক এ সামরিক কর্মকর্তারা গণফোরামে যোগ দিলেন। গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপিকে নিয়ে জোট বেঁধে এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘এ যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে আপনাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা এক সঙ্গে কাজ করব, দেশের কাজ করব।’
বর্তমান পরিস্থিতি তুলে ধরে সুব্রত চৌধুরী বলেন, ‘এখন যে লড়াইটা হচ্ছে, সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার। আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, আমরা মনে করি বাংলাদেশে জন্য, এটা আমাদের জন্য একটা সর্বশেষ সুযোগ। এ পরিবর্তনের লড়াইয়ে অবশ্যই আমাদের জিততে হবে।’

